এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত তেলের লরির ধাক্কায় হারাধন চন্দ্র দত্ত (৪৫) নামে এক মিষ্টির দোকান কর্মচারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় চিটাগাং রোড-চাষাড়া লিংক রোড/আদমজী রোডে হাজী শাহাদত বিরিয়ানি হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারাধন চন্দ্র দত্ত কুমিল্লার কোতোয়ালি থানার পশ্চিম মাঝিঘাট এলাকার ভারত চন্দ্র দত্তের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় প্রাণভল্লব মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাতনামা একটি তেলের লরি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
দুর্ঘটনায় জড়িত লরি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮