সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী সোহাগ ওরফে জুলহাস (২৭) পলাতক রয়েছেন।
রোববার (২৬ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া মাদবর বাজার এলাকায় নিজ বাসা থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোহাগ ঘরের চাবি তার মামাতো শ্যালিকা নাছিমার কাছে দিয়ে জানান, তানিয়া সকাল ৭টায় গার্মেন্টসে কাজে গেছেন। এরপর তিনি সেখান থেকে চলে যান।
পরে বেলা সাড়ে ১১টার দিকে নাছিমা ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করলে তানিয়াকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
নিহত তানিয়া আক্তার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পূর্বশেতা এলাকার শাহ আলমের মেয়ে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালের মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮