মাহবুবুর রহমান (শান্ত),
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য-০২ শিরীন সুলতানা এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবীউল্লাহ নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি।
অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য রাখেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা। তিনি কৃতী শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির চিত্র, এলাকার জলাবদ্ধতা এবং ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা এই এলাকায় বেশ কিছু সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সফল নেতৃত্ব দিচ্ছেন। তাঁর দক্ষ নেতৃত্বের গুণেই এলাকার শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে চমৎকার ফলাফল করছে এবং দেশে-বিদেশে প্রশংসা কুড়াচ্ছে। তিনি সত্যিকার অর্থেই আমাদের দেশের এক অমূল্য সম্পদ।"
পাশাপাশি প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাই সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি সৎ ও মানবিক গুণাবলীসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।" তিনি খুব শীঘ্রই এলাকাবাসীদের নিয়ে এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে শিরীন সুলতানা এমপি শিক্ষার্থীদের সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষায় আরও ভালো ফল করার আহ্বান জানান। এছাড়া সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবীউল্লাহ নবী প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে ফেরদৌস হোসেন রনি বলেন, গভর্নিং বডি সবসময় শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে গভর্নিং বডির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ এবং বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮