মোঃ আসিফুজ্জামান আসিফ,
ঢাকার সাভারের আশুলিয়ায় আবারও অস্থিরতা তৈরি হয়েছে তৈরি পোশাক খাতে। শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে আশুলিয়ার দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এতে হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েছেন প্রায় চার হাজার শ্রমিক, যারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।
বুধবার সকালে জামগড়া এলাকার ফ্যাশন ফোরাম লিমিটেড এবং কুটুরিয়া এলাকার জে এ অ্যাপারেলস কারখানার প্রধান ফটকে ‘অনির্দিষ্টকালের জন্য বন্ধ’ সংক্রান্ত নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। প্রতিদিনের মতো কাজে যোগ দিতে এসে শ্রমিকরা এ নোটিশ দেখে হতবাক হয়ে পড়েন।
হঠাৎ এই ঘোষণায় ক্ষুব্ধ শ্রমিকরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ শ্রমিকদের কারখানার সামনে থেকে সরিয়ে দেয়, ফলে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে শ্রমিকরা বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান।
শ্রমিকদের অভিযোগ, কোনো পূর্বঘোষণা বা বকেয়া বেতন-ভাতা পরিশোধ ছাড়াই মালিকপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে, যা সম্পূর্ণ অমানবিক ও বেআইনি। তাদের দাবি, দ্রুত কারখানা পুনরায় চালু করা এবং সকল পাওনা পরিশোধ করতে হবে।
এদিকে, একই দাবিতে দুপুরে কারখানা এলাকার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, “আমাদের না খাইয়ে রেখে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।”
পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮