মোঃ আসিফুজ্জামান আসিফ,
সাভারে ফিরোজ ব্যাপারি (৩৫) নামের এক যুবককে অপহরণের পর গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ফিরোজ আশুলিয়ার জামগড়া শেরআলী মার্কেট এলাকায় বসবাস করতেন। তিনি হামেদ বেপারীর ছেলে।
ফিরোজের ভাতিজা তপন জানান, মঙ্গলবার রাতে বক্তারপুর এলাকায় পান বিক্রির টাকা আনতে যান ফিরোজ। সেখানে ইয়াবা কেনার সময় মিজান ও মাইকেল নামের দুই ব্যক্তি তাকে অপহরণ করে। পরে অপহরণকারীরা ফিরোজের পরিবারের কাছে বিকাশের মাধ্যমে প্রথমে ৩২ হাজার টাকা নেয় এবং পরে আরও ৩০ হাজার টাকা দাবি করে। টাকা না পেয়ে তারা ফিরোজকে ছুরিকাঘাত ও গুলি করে রেডিও কলোনী এলাকায় ফেলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, ফিরোজের শরীর থেকে গুলি বের করা হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “ঘটনার পর পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮