
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম: সাতকানিয়ায় বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ৩ হোটেল রেস্তোরাঁয় ৩টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২ ঘটিকা হতে ২ ঘটিকা পর্যন্ত সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় বাজার মনিটরিং ও হোটেল রেস্তোরাঁয় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পঁচা বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর স্থাপন, হোটেল-রেস্তোঁরার ময়লা উন্মুক্ত স্থানে ফেলা, নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আল-আকসা রেস্টুরেন্টকে ২০,০০০/- টাকা, মেহফিল রেস্টুরেন্টকে ২০,০০০/- টাকা, আল ঈশান রেস্টুরেন্টকে ২০,০০০/- টাকা, মোট ৬০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া কেরানিহাট কাঁচাবাজারে মূল্য তালিকা নিশ্চিতকরণে অভিযান পরিচালিত হয়। এই সময় বিভিন্ন মাছ, মাংস ও ফলের দোকানে মূল্য তালিকা টানানোর ব্যবস্থা করা হয়। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ছরোয়ার কামাল, আনসার বাহিনীর সদস্যরা এবং উপজেলা অফিসের কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮