মাহবুবুর রহমান (শান্ত),
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৬৬ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড এলাকায় দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) মো. আমিনুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সাইনবোর্ড একটি গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকা। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশ অবৈধভাবে দখল করে দোকানপাট গড়ে ওঠায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।
এ ছাড়া স্থানীয়দের অভিযোগ ছিল, রাতের বেলায় সড়কের বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের ঘটনাও বেড়ে গিয়েছিল।
বিষয়টি স্থানীয়রা ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আজিজুল হক আজিজকে জানালে তিনি দ্রুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও অঞ্চল-৮-এর নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেনকে অবহিত করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সাইনবোর্ড এলাকায় অবৈধ দখল উচ্ছেদে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের মাধ্যমে সড়কের অবৈধ দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে গুরুত্বপূর্ণভাবে সম্পৃক্ত ছিলেন ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আজিজুল হক আজিজ।
অভিযানের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দারা আজিজুল হক আজিজকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হলে সাইনবোর্ড এলাকার দীর্ঘদিনের যানজট, অবৈধ দখল ও জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮