এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৈনিক যুগান্তরের সাংবাদিক ও ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন প্রধানকে হত্যার হুমকি এবং তাঁর বাড়ির সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। এ ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন তাঁরা। অন্যথায় জেলার সাংবাদিকদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় ফতুল্লা প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় বক্তব্য দেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, নিউজ টোয়েন্টিফোরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরিফ সুমন, জেলা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিংকন এবং দৈনিক যুগের চিন্তার সাংবাদিক ফরিদ আহম্মেদ বাধন।
সমাবেশে বক্তারা বলেন, ঘটনার তিন দিন অতিবাহিত হলেও সাংবাদিক আল আমিন প্রধানকে হত্যার হুমকি দেওয়া এবং তাঁর বাড়ির সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তাঁরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাঁদের বিষয়েও সাংবাদিকদের কাছে তথ্য রয়েছে। প্রয়োজনে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হবে। ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে জেলার সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ও আমার দেশ পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর হোসেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমির, ফতুল্লা প্রেসক্লাবের সহসভাপতি পিয়ার চাঁন ও সেলিম মুন্সি, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লা রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল হোসেন, আওয়ার নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মামুনুর রশিদ মুন্না, বিপি নিউজের মেহেদী মঞ্জুর বকুল, আনন্দ টিভির সাংবাদিক মনি ইসলাম, সুমী সিদ্দিকী, সেলিম হোসেন, শাকিল আহমেদ ডিয়েল, সোহেল, রাকিব চৌধুরী শিশিরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
উল্লেখ্য, গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলাস্থ মাজারের ভেতরে নিজের কার্যালয়ে স্থানীয় একটি বিষয় নিয়ে সালিশ করছিলেন সাংবাদিক আল আমিন প্রধান। এ সময় মাদক কারবারি হিসেবে পরিচিত মাসুমসহ ৫-৭ জন সেখানে উপস্থিত হয়ে স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে সালিশে উপস্থিত এক যুবককে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এতে বাধা দিলে আল আমিনের ওপর চড়াও হওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা সরে যান।
এর পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাসুমসহ ১০-১২ জন দেশীয় তৈরি ধারালো রামদা ও চাপাতি নিয়ে আল আমিনের বাড়ির নিচে অবস্থান নেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাঁকে নাম ধরে ডাকাডাকি করে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলা হয়। যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের কাছে বিষয়টি জানান এবং সাধারণ ডায়েরি (জিডি) করেন আল আমিন প্রধান।
পরপর দুই দিনের এসব ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮