চট্টগ্রাম ব্যুরো,
ধর্মীয় সম্প্রীতি, সাম্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (২০ নভেম্বর) রাঙ্গামাটির ঐতিহাসিক রাজবন বিহারের ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ধর্মীয় সম্প্রীতি ও মানবিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, “বৌদ্ধ ধর্মসহ পৃথিবীর সকল ধর্মের মূল উপজীব্য বিষয় হচ্ছে শান্তি ও মানবিক সমাজ প্রতিষ্ঠা। আমরা যে যে ধর্মের অনুসারীই হই না কেন, সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে চিরস্থায়ী শান্তি বিরাজ করবে। সম্প্রীতি ও সাম্যের বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশকে একটি প্রকৃত মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে পুরো দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন দর্শন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সুষম উন্নয়ন এবং প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। পাহাড় ও সমতলের সকল মানুষের জীবনমান উন্নয়ন এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখাই বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।”
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত ভিক্ষু সংঘ ও পুণ্যার্থীদের প্রতি আন্তরিক ও মৈত্রীময় শুভেচ্ছা পৌঁছে দেন। একই সাথে তিনি রাজবন বিহারে নির্মাণাধীন ‘বিশ্বশান্তি প্যাগোডা’র নির্মাণকাজে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক অংশীদারত্ব ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উৎসবমুখর এই আয়োজনে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চাকমাসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮