পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে জনপদ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে বনগ্রাম এলাকায় নারী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
নারী সমাবেশে ব্যারিস্টার কায়সার কামাল নিজেকে একজন ‘মানব’ হিসেবে পরিচয় দিয়ে বলেন, “আমি একজন মানব। এক মানবের দুই হাত- এক হাতে ‘হিন্দু’, আরেক হাতে ‘মুসলমান’। একটা হাত না থাকলে মানুষ যেমন অচল, তেমনি হিন্দু-মুসলিম নির্বিশেষে আমরা সবাই মিলে একটি পূর্ণাঙ্গ সমাজ।”
উপস্থিত নারীদের আশ্বস্ত করে তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে কোনো কাজের বিনিময়ে কাউকে একটি টাকাও ঘুষ দিতে হবে না। কেউ যদি উপকারভোগীদের নামে ইস্যু করা সরকারি কার্ড নিয়ে দুর্নীতি করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে প্রথম মামলাটি আমি নিজেই করবো। আমি নিজে দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দেবো না- ‘কথা কিন্তু পাক্কা’।”
বক্তব্যের শেষ পর্যায়ে কায়সার কামাল বলেন, “আমি যে ওয়াদাগুলো দিচ্ছি, নির্বাচিত হয়ে তা পালন করতে না পারলে ভবিষ্যতে আর কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না।”
সমাবেশে উপস্থিত স্থানীয় নারীরা তাদের দীর্ঘদিনের দাবিগুলো প্রার্থীর কাছে তুলে ধরেন। বিশেষ করে কেরনখলা, কুমোদগঞ্জ ও বড়ইউন্দ এলাকার তিনটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ এবং অনুন্নত রাস্তাঘাটের উন্নয়নের জন্য তারা ব্যারিস্টার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করেন। দীর্ঘদিন ভোট দিতে না পারার আক্ষেপ প্রকাশ করে তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আজকের এই নারী সমাবেশে স্থানীয় সনাতন নারী ভোটারদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এছাড়াও সংশ্লিষ্ট উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দরা নির্বাচনী এই গণসংযোগ সমাবেশে উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮