দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না হলে বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন ব্যাহত হয়। এ পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার সন্ধ্যা থেকেই একটি কৌশল বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিটের টার্মিনালে এলএনজি খালাস করা যাচ্ছে না। অন্যদিকে এক্সিলারেট এনার্জির টার্মিনালটি বর্তমানে আংশিক সক্ষমতায় চলছে।
টার্মিনালটি পুরো সক্ষমতায় চালু করতে প্রায় ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হতে পারে। কখন এটি বন্ধ রাখলে সাধারণ মানুষের ভোগান্তি কম হবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘মানুষের ভোগান্তি চরমে, এটি নিয়ে কোনো দ্বিমত নেই। এ কারণে আমরা বারবার জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি।’
তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিস্থিতি জটিল হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এলএনজি খালাস ও গ্যাস সরবরাহও স্বাভাবিক হওয়ার আশা রয়েছে।
সংকট মোকাবিলায় মালয়েশিয়া থেকেও এলএনজি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির সঙ্গে আলোচনা চলছে এবং অন্তত একটি কার্গো এলএনজি পাওয়ার আশা করছে সরকার।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মহলের কাছেও এলএনজি সরবরাহের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তবে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি পুরোপুরি কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দিতে পারেননি তিনি। তার দাবি, জনদুর্ভোগ কমাতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং হাতে থাকা সব বিকল্প নিয়েই কাজ চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮