দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অপর দুজন হলেন কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত ও ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবুল মতিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি দেন। তিনি উল্লেখ করেন, তাঁরা সাবেক সরকারের সহযোগী ছিলেন। এ সময় তাঁদের কারাগারে রাখার আবেদন জানান তিনি।
অন্যদিকে, আসামিদের পক্ষে আইনজীবী খালেদা জাহান লিলি গ্রেফতারের বিরোধিতা করে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি জানান, আসামিদের একজন দুই দিন আগে সিএমএইচ থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এবং বয়সেও প্রবীণ। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাঁর জামিনের আবেদন করেন আইনজীবী। তবে প্রয়োজনীয় মূল নথিপত্র না থাকায় আদালত জামিন আবেদনের শুনানি করেননি।
মামলার এজাহার অনুযায়ী, গত ৭ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানার আর্মি স্টেডিয়ামের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে আটক করে। এ সময় ৭০টি অর্ধপোড়া মশাল, একটি ব্যানার ও ৭০টি কালো মুখোশ উদ্ধারের কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, গ্রেফতার হওয়া তিন আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তাঁদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, জামিনে মুক্তি পেলে আসামিরা তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন এবং পালিয়ে যেতে পারেন। এসব কারণ দেখিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮