দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু। তাঁর অভিযোগ, গত আট থেকে নয় দিন ধরে একটি গোষ্ঠী বিভিন্নভাবে তাঁকে হুমকি দিচ্ছে। এমনকি সংসদে বসেও টানা দুই দিন একই ধরনের হুমকি পেয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) জিডি করার পর বেলা পৌনে ৩টার দিকে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন মাহমুদা মিতু।
তিনি বলেন, ককটেল হামলা ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা শুরুর পর থেকে হুমকির মাত্রা বেড়েছে। প্রথম দিকে বিষয়টি গুরুত্ব না দিলেও এখন পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। সংসদে প্রতিদিন সন্ধ্যায় বিরতির সময় টানা দুই দিন তাঁকে একই ধরনের হুমকি দেওয়া হয়েছে।
মাহমুদা মিতু বলেন, ‘একজন-দুজন নয়, একটি গোষ্ঠী খুবই বিকৃতভাবে আমাকে মেরে ফেলার এবং ধর্ষণের হুমকি দিচ্ছে। আমি মনে করি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ খারাপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্টরা এসব নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন।’
নিজের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, জুলাই আন্দোলনে যারা মাঠে ছিলেন, তাঁরা নিজেদের জীবন নিয়ে খুব বেশি চিন্তা করেন না। তবে তাঁদের পরিবার ও নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে।
হুমকির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার পাশাপাশি কূটনৈতিক ব্যর্থতার অভিযোগও তোলেন মাহমুদা মিতু। তিনি দাবি করেন, ভারত থেকে তাঁর কাছে ফোনকল এসেছে। এ-সংক্রান্ত স্ক্রিনশট ও তথ্যপ্রমাণ তাঁর কাছে রয়েছে। এসব ফোনকলের বিষয়ে সরকার যেন ভারতীয় হাইকমিশনারকে তলব করে এবং ব্যাখ্যা চায়, সেই দাবিও জানান তিনি।
মাহমুদা মিতুর অভিযোগ, ভারতের উসকানিতে বাংলাদেশের ভূখণ্ডে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। এ বিষয়ে সরকারের কূটনৈতিক পদক্ষেপ কী, তা জানতে চান তিনি।
এনসিপির এ নেত্রী আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু করারও দাবি জানান। তাঁর অভিযোগ, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সাংগঠনিক তৎপরতা চালানোর সাহস পাচ্ছেন। নিজের জন্মস্থান ঝালকাঠির একটি উপজেলার উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে স্বেচ্ছাসেবক লীগের দুটি নেতৃত্বের কমিটি ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।
সংসদ সদস্য হয়েও নিরাপত্তার জন্য থানায় জিডি করতে হওয়াকে লজ্জাজনক পরিস্থিতি বলে মন্তব্য করেন মাহমুদা মিতু। তাঁর মতে, সংসদে বসে যদি তিনি প্রাণনাশের হুমকি পান, তাহলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সাধারণ নারীরা আরও বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।
ভারত থেকে আসা ফোনকলের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জবাব চান তিনি। এসব অভিযোগের ভিত্তিতে সরকার কী কূটনৈতিক পদক্ষেপ নেবে এবং ভারতীয় হাইকমিশনারকে তলব করা হবে কি না, তা জানতে চান মাহমুদা মিতু।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে এ ধরনের হুমকি ও তৎপরতা চলতে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বিব্রতকর। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮