দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
ভিডিওবার্তায় সংবাদপত্র ছেঁড়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, ‘আমার দেশ’ পত্রিকায় তাঁকে নিয়ে প্রকাশিত একটি মিথ্যা বয়ানের প্রতিবাদে তিনি সংবাদপত্রটি ছিঁড়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খাঁন বলেন, ‘আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের সঙ্গে আমি এক হয়েছি মর্মে আমার দেশ পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি।’
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তাঁকে জেল খাটতে হয়েছে। তাঁর কোনো বক্তব্য অপছন্দ হলে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারেন। সেই সমালোচনাকে তিনি সাধুবাদ জানাবেন।
রাশেদ খাঁনের অভিযোগ, ‘আমার দেশ’ পত্রিকা তাঁকে ‘নব্য বিএনপি’ বলার পাশাপাশি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে। তাঁর দাবি, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের তথ্য সামনে আনার পর পাল্টা বয়ান হিসেবে এমন অভিযোগ প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, এ অভিযোগ জামায়াত বা দলটির নেতা গোলাম পরওয়ার করলে তিনি রাজনৈতিক ভাষায় জবাব দিতেন। কিন্তু ‘আমার দেশ’ পত্রিকার মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা বয়ান তৈরির চেষ্টা করা হয়েছে। তাই একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে তিনি রাজনৈতিকভাবেই এর প্রতিবাদ জানিয়েছেন।
তিনি আরও দাবি করেন, ‘আমার দেশ’ পত্রিকা সাংবাদিকতার নীতিমালা ও সম্পাদকীয় মানদণ্ড অনুসরণ করে না। তাঁর ভাষায়, ‘আমার দেশ কোনো পত্রিকা না, আমি কোনো পত্রিকা ছেঁড়ার মতো ভুল করতে পারি না। এটা জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর একটি হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করে কারও চরিত্র হনন করার কোনো সুযোগ নেই।’
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮