মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,
মাগুরার শ্রীপুরে সমাজের বিধবা, দুস্থ ও অসচ্ছল ব্যক্তিদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষে একটি ফ্রি মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩০ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার তারাউজিয়াল মুন্সিপাড়া বায়তুল আমান জামে মসজিদের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে এই চিকিৎসাকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মো. শাহ নেওয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন এবং উপকারভোগী অসহায় মানুষের মাঝে সদস্য কার্ড বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা মতিয়ার রহমান।
পল্লী চিকিৎসক মো. শাহাদুজ্জামান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডক্টরস ল্যাব এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সিইও ডা. মো. আসিফ হোসেন অতনু।
অনুষ্ঠানে ফ্রি মেডিকেল সেন্টারের উদ্যোগ ও এর ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন এই উদ্যোগের প্রধান উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক মো. আসাদুজ্জামান মামুন। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সিএ সাহেব আলী, আকিদুল আজম জিহাদ, মিসরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন সাংবাদিক তাসিন জামান।
উদ্যোক্তারা জানান, এই মেডিকেল সেন্টারের মাধ্যমে প্রতি ইংরেজি মাসের ১ তারিখ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে।
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা মোছা. রোকেয়া বেগম ও শাহানারা বেগম নিজেদের অনুভুতি প্রকাশ করে বলেন, অর্থাভাবে অনেক সময় দরিদ্র মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এই মহৎ উদ্যোগের ফলে এলাকার গরিব ও অসহায় মানুষ কোনো খরচ ছাড়াই মানসম্মত প্রাথমিক চিকিৎসা সেবা পাবেন, যা তাদের জীবনযাত্রায় অত্যন্ত সহায়ক হবে।
স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ এই মানবিক ও কল্যাণমুখী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং এর দীর্ঘস্থায়ী সাফল্য কামনা করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮