মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,
মাগুরার শ্রীপুরে ট্রাকের হিসাব-নিকাশ চাওয়াকে কেন্দ্র করে এক ট্রাক চালককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী চালকের পিতা।
অভিযোগ সূত্রে জানা যায়, ০৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার রাত আনুমানিক ৯টার দিকে শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রাজধরপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারী দারিয়াপুর গ্রামের মোঃ নাসিরুল ইসলাম মিয়া অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে সুমন মিয়া (২৫) পেশায় ট্রাক চালক। সুমন মিয়া দারিয়াপুর গ্রামের গোলাম মোস্তফা বিশ্বাসের ছেলে টিপু বিশ্বাসের (৩৫) ট্রাক চালাতেন।
০৯ সেপ্টেম্বর রাতে সুমন মিয়া ট্রাকের মালিক টিপু বিশ্বাসের কাছে হিসাব বুঝিয়ে দিয়ে আর গাড়ি না চালানোর কথা জানান। এসময় টিপু বিশ্বাস ও জাহাঙ্গীর বিশ্বাসসহ অজ্ঞাতনামা আরও ২ জন ক্ষিপ্ত হয়ে সুমন মিয়াকে মারধর করে।
অভিযোগে আরও বলা হয়, আসামীরা সুমন মিয়ার হাত-পা বেঁধে ফেলে হত্যার চেষ্টা করে। এ সময় সুমন মিয়ার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং টিপু বিশ্বাস ও সুমন বিশ্বাসকে আটক করে। পরে খবর পেয়ে শ্রীপুর থানার নাকোল ফাড়ি পুলিশ ঘটনাস্থল থেকে আহত সুমন মিয়া ও অভিযুক্ত দুইজনকে থানায় নিয়ে যায়।
অভিযোগকারী নাসিরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে বিবাদীরা তার ছেলেকে ডেকে নিয়ে মারপিট ও খুন-জখমের ভয়ভীতি দেখিয়েছে। বর্তমানে তার ছেলে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ। তবে তাকে হত্যা চেষ্টার অভিযোগ সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট।
ড্রাইভার সুমনের বিরুদ্ধে ট্রাকের নতুন চাকা চুরি করে বিক্রি করে পুরাতন চাকা লাগানোর অভিযোগ ও করেছেন অভিযুক্তের পরিবারের সদস্যরা।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয় জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮