মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,
মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি আরিফা আক্তারকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ২৩ আগস্ট (রবিবার) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা শেষে নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি আরিফা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো। তিনি বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষাগত মানোন্নয়ন ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপ, সাধারণ সম্পাদক আলী রেজা রাজা, মো: রোকন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মসিউল আজম, কাজী মহিদুল আলম, এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস এম সোহাগ মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ তেছেম আলী বিশ্বাস, নিধির কুমার মন্ডল, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী মসিউল আজম শান্ত।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৬ (ছয়) মাসের জন্য এই অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে জনাব আরিফা আক্তারকে সভাপতি, জনাব বিধান চন্দ্র সরকারকে সাধারণ শিক্ষক সদস্য, জনাব তরিকুল ইসলামকে অভিভাবক সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডলকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮