মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,
মাগুরার শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ২নং আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তারকে (২৭) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত মো. রাব্বি মন্ডল (৩২) ওই গ্রামের মো. নজরুল মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন বালু ব্যবসায়ী ছিলেন। এই দম্পতির পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। অভিযুক্ত ফারজানা আক্তার বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে শুক্রবার ভোরে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় রাব্বির গলা ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের পরিবারের দাবি, শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে ফারজানার বাবা ফয়জার তাঁদের ফোন করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির সংবাদ দেন। খবর পেয়ে রাব্বির বাবা ঘরে গিয়ে খাটের ওপর ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
ঘটনার পর ফারজানা আক্তার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে নিজ বাবার বাড়িতে চলে যান। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাঁকে হেফাজতে নেয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি দাও জব্দ করা হয়।
নিহতের বাবা নজরুল মন্ডল অভিযোগ করেন, “১০-১২ দিন আগে রাব্বি তাঁর শ্বশুরবাড়িতে গেলে সেখানে লোকজনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। আজ সকালে খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখি আমার ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার চাই।”
ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও আইনি প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ হেফাজতে নেওয়া অভিযুক্ত ফারজানা আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং বিস্তারিত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮