এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত খণ্ডিত মরদেহের অংশ ভাসতে দেখা গেলেও দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তা উদ্ধার করতে পারেনি পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আঁটি গ্রাম এলাকায় মনোয়ারা পেপার মিল সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে কোমর থেকে হাঁটু পর্যন্ত একটি খণ্ডিত মরদেহের অংশ ভাসতে দেখেন স্থানীয়রা। মরদেহের অংশটি কালো রঙের হাফপ্যান্ট পরা ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় জানালে থানার পক্ষ থেকে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়। তবে স্থানীয়দের দাবি, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ আসতে দীর্ঘ সময় লাগে। এ সময় স্থানীয় সাংবাদিক ফারুক হোসেন বিষয়টি নিয়ে সরাসরি সম্প্রচার করেন এবং নৌ-পুলিশের এসআই দুলাল সাহার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।
পরে বিকেল ৩টার দিকে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই দুলাল সাহা ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত মরদেহের অংশটি উদ্ধারে তল্লাশি শুরু করেন। বিকেল ৫টা পর্যন্ত শীতলক্ষ্যা নদীতে খোঁজাখুঁজি করেও মরদেহের অংশটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অনুসন্ধান অভিযান স্থগিত করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার বা ভুক্তভোগীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮