মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরের শিবচরে দীর্ঘ দুই যুগ পর পুলিশ ফাঁড়ি লুটের ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে
পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার - ২৯ মার্চ - রাতে উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি
এলাকা থেকে আসামি তোবারক শিকদারকে গ্রেফতার করে পুলিশ। শনিবার -৩০ মার্চ- দুপুরে তাকে আদালতের
মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত তোবারক শিকদার পূর্ব বাংলা সর্বহারা পার্টির
আঞ্চলিক নেতা এবং ২০০০ সালে শিবচরের দত্তপাড়া পুলিশ ফাঁড়ি লুটের অন্যতম আসামি।
জানা গেছে, ২০০০ সালে দিনের আলোয় দত্তপাড়া পুলিশ ফাঁড়ি লুট করে অস্ত্র নিয়ে পূর্ববাংলা সর্বহারা
পার্টির সদস্যরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার আসামি তোবারক
শিকদারের ১২ বছরের সাজা হলেও শুরু থেকেই সে পলাতক ছিল। গোপন সংবাদ পেয়ে শুক্রবার বিকেলে নিলখী
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ-আইসি-হরিদাস রায় এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা
করে চর কামারকান্দি এলাকার একটি চরাঞ্চল থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত
তোবারক শিকদার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের বেলায়েত শিকদারের ছেলে। তার নামে শিবচরসহ
দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার জানান, দীর্ঘদিন পালিয়ে থাকার পর শুক্রবার আসামি তোবারক শিকদার
পুলিশের হাতে ধরা পড়ে। সে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে
প্রেরণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮