বিজয় চৌধুরী, ঢাকা,
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাজধানীর সাইন্সল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং উত্তরায় আন্দোলনকারীদের সড়কে অবস্থানের ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সাইন্সল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে অবস্থান নেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও উত্তরা এলাকাতেও শিক্ষার্থীরা পৃথক কর্মসূচি পালন করেন।
আন্দোলনের কারণে সাইন্সল্যাব, নিউমার্কেট, শাহবাগ, ধানমন্ডি, ফার্মগেট, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। কোথাও কোথাও দীর্ঘ সময় যানবাহন আটকে থাকতে দেখা যায়। অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে বিকল্প পথ ব্যবহার কিংবা হেঁটে যেতে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তারা যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।
সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, আন্দোলন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮