মো. পলাশ, বাউফল প্রতিনিধি,
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারেন—এমন আশ্বাস দিয়েছেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
সোমবার (৫ অক্টোবর) বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৬৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরাদ্দকৃত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলার প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে মোট ৩৯ হাজার কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছালেহ আহমদ। এ সময় উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মোঃ রবিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, “বাউফলের প্রতিটি হিন্দু নাগরিকসহ সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় রীতি পালন করবেন। একজন মুসলমান যেমন তার ধর্মীয় বিধান ও উৎসব পালন করেন, অন্যান্য ধর্মাবলম্বীরাও তেমনি স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করবেন।”
তিনি আরও বলেন, ইসলাম অন্য ধর্মের মানুষের ধর্মীয় অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। তাই প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং অন্যের ধর্মীয় অধিকার ও অনুভূতির প্রতি সম্মান দেখাবেন।
তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন কোনো ধরনের উদ্বেগ ছাড়াই তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে হবে।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমরা স্বাভাবিক নিরাপত্তা দেবো। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন।”
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রেখে বাউফলে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে নিতাই চন্দ্র দেবনাথ, অতুল চন্দ্র পাল ও রাখাল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮