চঞ্চল,
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা তিস্তা টোল প্লাজা এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫.১ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩। আজ রবিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতরা হলেন— কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কান্দিরপাড়া গ্রামের মোছাঃ ববিতা (৩৫) এবং চক কৃষ্ণপুর গ্রামের মোছাঃ রুবিয়া খাতুন (৩৬)।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের তিস্তা টোল প্লাজায় একটি অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাবের আভিযানিক দল। এসময় 'জামান এন্টারপ্রাইজ' নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসে থাকা দুই নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে নারী র্যাব সদস্যদের সহায়তায় তাদের শরীর তল্লাশি করা হয়। এসময় তাদের শরীরের সঙ্গে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নিত্যনতুন কৌশল অবলম্বন করে মাদক কেনাবেচা করে আসছিল। জব্দকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮