
মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ শরীয়তপুর ১ আসনে নব নির্বাচিত মাননীয় সংসদ সদস্য সাঈদ আআহাম্মেদ আসলামের সঙ্গে জাজিরা উপজেলার কর্মকর্তা কর্মচারী ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ মার্চ) দুপুরে জাজিরা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাহমিদুল ইসলাম।
সভায় নব নির্বাচিত সংসদ সদস্য জনাব সাঈদ আহাম্মেদ আসলাম উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ অবকাঠামো ও জনসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাজিরাকে একটি আধুনিক ও সুশৃঙ্খল উপজেলায় রূপান্তর করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যাগুলো দ্রুত সমাধানের ওপর তিনি বিশেষভাবে গুরুত্ব দেন।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজেদের কার্যক্রম তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো সংসদ সদস্যের সামনে উপস্থাপন করেন। সুধীজনরা এলাকার যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব ও মতামত প্রদান করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাহমিদুল ইসলাম বলেন, সংসদ সদস্যের দিকনির্দেশনা ও সহযোগিতায় উপজেলা প্রশাসন জনকল্যাণমুখী কার্যক্রম আরও জোরদার করবে। তিনি সকল দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সেবা প্রদানে আন্তরিকতার আহ্বান জানান।
সভাটি আন্তরিক ও ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে সমাপ্ত হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাজিরা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে এ ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

























