আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসনে শত বছরের পুরোনো সরকারি খাল দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় খাল ভরাটে ব্যবহৃত বালু, পাইলিং বাঁশ ও সিমেন্টের রিং পাইপসহ মালামাল স্পট নিলামে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গি গ্রামের খালে অভিযান পরিচালনা করেন ইউএনও মোঃ জুলহাস হোসেন সৌরভ।
প্রশাসন সূত্রে জানা যায়, খাল দখলের অভিযোগে সায়েদ মোল্লাকে বালু সরিয়ে খালটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য চার দিনের সময় দেওয়া হয়েছিল। তবে তিনি সময়ের মধ্যে মালামাল সরাননি; বরং আরও বালু ফেলে খালটি দখলের চেষ্টা করেন।
অভিযানের খবর পেয়ে সায়েদ মোল্লা বাড়ি থেকে চলে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে খাল ভরাটে ব্যবহৃত মালামাল স্পট নিলামে তোলা হলে সর্বোচ্চ ১০ হাজার টাকা দর দিয়ে তা কিনে নেন দিপু খান। তিনি পাঁচ দিনের মধ্যে মালামাল সরিয়ে খালটি অবমুক্ত করার কথা জানান।
ইউএনও মোঃ জুলহাস হোসেন সৌরভ বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় নিয়ম অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে খাল ভরাটে ব্যবহৃত মালামাল নিলামে বিক্রি করা হয়েছে।
শত বছরের পুরোনো সরকারি খালটি দখলমুক্তর মাধ্যমে প্রাণ ফিরে পাওয়ায় উপজেলা প্রশাসনেকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮