নুর মোহাম্মাদ,
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের বাম পাশের সিটের নিচে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে ৪০টি প্যাকেটে রাখা মোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সাদিয়া আক্তার (২৪), নুসরাত জাহান ইভা (১৯), পলাশ মাহমুদ (৩৬) এবং মো. সজীব মিয়া (২৮)।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮