চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কুড়িগ্রামের ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং নেভিয়া সফট ক্রিম জব্দ করেছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২০ ডিসেম্বর) রাতে ও রবিবার ভোরে পৃথক দুটি অভিযান চালায় বিজিবির বিশেষ টহলদল।
২০ ডিসেম্বর রাত আনুমানিক ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপি’র আওতাধীন পশ্চিম রামখানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৫ বোতল ভারতীয় 'কিংফিশার' মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, আজ সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপি’র আওতাধীন সুইচগেট নামক স্থানে অপর একটি অভিযান চালানো হয়। সেখানে বিজিবি টহলদলের চ্যালেঞ্জের মুখে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় এবং বিজিবি তল্লাশি চালিয়ে ১২৫টি ভারতীয় নেভিয়া সফট ক্রিম জব্দ করে।
জব্দকৃত ৫ বোতল মদ এবং ১২৫টি নেভিয়া ক্রিমের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ২৫০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা প্রস্তুত এবং সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান এবং তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা প্রদান করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮