চঞ্চল,
লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী কঠোর অবস্থানে রয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। গত ৪ ও ৫ এপ্রিল পরিচালিত ৪টি পৃথক বিশেষ অভিযানে ভারতীয় কসমেটিকস, গাঁজা, ইস্কাফ সিরাপ, গরু ও মোটরসাইকেলসহ প্রায় ৯ লাখ ২০ হাজার ৬০০ টাকার মালামাল জব্দ করা হয়েছে। আজ রোববার (০৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় নাগেশ্বরীর মাঠেরপাড়, হাতীবান্ধার গুটিয়ামঙ্গল, আদিতমারীর পূর্ব দিঘলটারী এবং ফুলবাড়ীর বালাতারী সীমান্তে পৃথক অভিযান চালায় বিজিবি’র বিশেষ টহল দল। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা পণ্য ফেলে দৌড়ে সীমান্তের ওপারে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ২ হাজার ৬৫৪ পিস ভারতীয় কসমেটিকস সামগ্রী, ৯.৬ কেজি গাঁজা, ৪৪ বোতল ইস্কাফ সিরাপ, ১টি গরু এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে বিজিবি সবসময় আপসহীন। তিনি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
জব্দকৃত মাদক ও চোরাচালান পণ্য নিয়ে সংশ্লিষ্ট চক্রের সদস্যদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮