চঞ্চল,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ এ কে এম মমিনুল হক।
মঙ্গলবার (৩১ মার্চ) জেলা পরিষদ শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে তাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’-এর ধারা ও জেলা পরিষদ আইন ২০০০-এর বিধান মোতাবেক তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়।
বাবার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে ছেলে এ.কে.এম মুবদিউল হক জারিফ মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। বাবার সফলতার জন্য লালমনিরহাটবাসীর কাছে দোয়া চেয়ে জারিফ বলেন, "আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি আজ খুব আনন্দিত। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যাতে লালমনিরহাটের উন্নয়নমূলক কাজে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখতে পারেন।"
বাবার রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে তিনি আরও বলেন, "আমার বাবা লালমনিরহাট সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অনেক রাজনৈতিক প্রতিহিংসা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। আমি মনে করি, আজ তিনি তার সেই ত্যাগের যথাযথ প্রতিদান পেয়েছেন।"
এ সময় জারিফ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং লালমনিরহাটের মাটি ও মানুষের নেতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের প্রতি।"
উল্লেখ্য যে, এ কে এম মমিনুল হকের এই নিয়োগে লালমনিরহাটের স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে আশা করা হচ্ছে, তার অভিজ্ঞ নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮