চঞ্চল,
লালমনিরহাটের মোগলহাট এলাকায় দুর্যোগ ঝুঁকি মোকাবিলা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে একটি সমন্বিত প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, "আমরা এমন একটি টেকসই অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছি যা একই সাথে শিক্ষা এবং নিরাপত্তার প্রতীক হিসেবে কাজ করবে। উত্তরাঞ্চলের বন্যার ভয়াবহতা বিবেচনায় রেখে এই ভবনটি বিশেষভাবে নকশা করা হয়েছে। এটি নির্মিত হলে বন্যায় বিপন্ন মানুষের জান-মালের সুরক্ষা কয়েক গুণ বৃদ্ধি পাবে।"
মন্ত্রী আরও যোগ করেন, "সরকারের অঙ্গীকার হলো দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় আধুনিক নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া। এই দ্বিমুখী প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন কোমলমতি শিশুরা আধুনিক পরিবেশে পাঠদান পাবে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের সময় এটি অত্র এলাকার কয়েকশ পরিবারের জন্য নির্ভরযোগ্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান, নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সরকারের এই জনকল্যাণমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মোগলহাট এলাকাটি প্রতি বছর বন্যার সময় প্লাবিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের তীব্র সংকটে পড়েন। এই বিশেষ ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে কয়েকশ মানুষের আশ্রয় নিশ্চিত হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮