চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শিক্ষা প্রসারে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশের নিয়মিত জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় আজ রোববার (২৬ এপ্রিল) সকালে মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন কোমলমতি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী।
মোগলহাট এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য খাতা, কলম ও পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি বাহিনীর সদস্যরা সীমান্তবর্তী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিরন্তর কাজ করে যাচ্ছে।
শিক্ষা সামগ্রী বিতরণকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “বিজিবি শুধুমাত্র সীমান্ত রক্ষায় নয়, বরং দেশের সামাজিক ও মানবিক উন্নয়নেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি এবং পড়াশোনায় আগ্রহ বাড়াতে আমাদের এই আয়োজন। আমরা চাই সীমান্ত এলাকার প্রতিটি শিশু যেন সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠে।” তিনি আরও নিশ্চিত করেন যে, জনকল্যাণমূলক এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সুধীজন ও সচেতন নাগরিক সমাজ। তাদের মতে, সীমান্ত এলাকায় শিশুদের শিক্ষার হার বৃদ্ধি এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে এই ধরনের ক্ষুদ্র সহযোগিতা বিশাল প্রভাব ফেলে। স্থানীয়রা মনে করছেন, বিজিবির এই সামাজিক উপস্থিতি সাধারণ মানুষের সাথে বাহিনীর আস্থা ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে অভাবী পরিবারের শিশুদের জন্য এই উপহার পড়াশোনার পথে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, বিজিবির পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮