চঞ্চল,
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত”—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও লালমনিরহাট শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে এই সভা সম্পন্ন হয়।
আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. ওমর ফারুক বাবলু এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেনায়েল আলম।
সভায় মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিরা মে দিবসকে সফল করতে তাদের মতামত তুলে ধরেন। মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আব্দুল মজিদ মন্ডল এবং শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে জেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি আল আমিন, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন। তবে সভায় লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি অনুপস্থিত ছিলেন।
শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মোছা. আফরোজা খাতুন সভায় স্বাগত বক্তব্যে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১লা মে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়।
বক্তারা মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। জেলা প্রশাসন ও শ্রম দপ্তরের সমন্বিত উদ্যোগে সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮