
চঞ্চল,
লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে ১৫ বিজিবি ব্যাটালিয়ন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে জেলার কালিগঞ্জ থানাধীন মহিষতুলি এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাকুচি বিওপির একটি টহল দল মহিষতুলি সীমান্তে অবস্থান নেয়। সকাল আনুমানিক ৬:৫০ মিনিটে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করতে দেখে বিজিবি ধাওয়া করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৯ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৫ হাজার ৬০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদকমুক্ত দেশ গড়তে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
























