তৌহিদুল ইসলাম চঞ্চল,
সমাজে প্রচলিত জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণ, সাইবার স্পেসে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যম সাক্ষরতা ও অ্যাডভোকেসির ক্ষেত্রে তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
'সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি' প্রকল্পের আওতায় আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লালমনিরহাট সাধারণ পাঠাগারের (আলোকিত সাংস্কৃতিক ফোরাম) হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা অদম্য যুব সংগঠন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়। প্রশিক্ষণ সেশনে মূল ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন এবং নির্বাহী সদস্য স্মৃতী আক্তার বৃষ্টি।
দিনব্যাপী এই প্রশিক্ষণে সমাজে নারী ও পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের নানা কৌশল নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল সেক্স ও জেন্ডারের সুনির্দিষ্ট পার্থক্য অনুধাবন, সমাজে প্রচলিত জেন্ডার স্টেরিওটাইপ ভাঙার উপায় এবং নারী ও কন্যাশিশুর ন্যায্য অধিকার সুরক্ষার রূপরেখা। এর পাশাপাশি বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ব্যক্তিগত তথ্যের ডেটা গোপনীয়তা বজায় রাখা, অনলাইন হয়রানি ও বুলিং প্রতিহত করার আইনি উপায়, গণমাধ্যম সাক্ষরতা এবং তৃণমূল পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি ও লবিং ক্যাম্পেইনের পরিকল্পনা তৈরির বাস্তবমুখী কৌশল তুলে ধরা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা চারটি পৃথক দলে বিভক্ত হয়ে নির্ধারিত বিষয়ে গ্রুপ ওয়ার্ক সম্পন্ন করেন এবং উপস্থিত সবার সামনে তাঁদের মতামত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ প্রতিনিধি এবং প্রকল্পের একঝাঁক যুব স্বেচ্ছাসেবক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আয়োজকরা জানান, সমাজে নারী-পুরুষের সমমর্যাদা প্রতিষ্ঠা এবং নিরাপদ অনলাইন আচরণ নিশ্চিতে তরুণ সমাজকে সচেতন ও সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮