চঞ্চল,
দীর্ঘ ৩০-৪০ বছরের পুরনো চলাচলের পথ হুট করে রাতের আঁধারে দেওয়াল দিয়ে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে লালমনিরহাটের স্থানীয় এলাকাবাসী। জেলা প্রশাসকের নির্দেশে নির্মিত এই প্রাচীরের ফলে যাতায়াতের পথ রুদ্ধ হওয়ায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট ডাকবাংলো অডিটোরিয়াম সংলগ্ন ভূমি অফিস এলাকায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী বাসিন্দারা জানান, কয়েক দশক ধরে তারা এই রাস্তাটি ব্যবহার করে আসছেন। কোনো আগাম ঘোষণা ছাড়াই রাতের অন্ধকারে প্রাচীর তুলে দেওয়ায় তারা এখন কার্যত অবরুদ্ধ। বর্তমানে বিকল্প হিসেবে ড্রেনের ওপর দিয়ে যে সরু পথটি অবশিষ্ট আছে, তা দিয়ে একটি ছোট ভ্যান বা রিকশা চলাচলও অসম্ভব হয়ে পড়েছে।
এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে বলেন, “জরাজীর্ণ এই ড্রেনটি যেকোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমতাবস্থায় প্রধান রাস্তাটি স্থায়ীভাবে বন্ধ থাকলে এই জনপদের মানুষের জীবনযাত্রা পুরোপুরি স্থবির হয়ে পড়বে”।
বিক্ষুব্ধ জনতা প্রশাসনের প্রতি মানবিক হওয়ার আবেদন জানিয়ে বলেন, যাতায়াতের দুর্ভোগ লাঘবে প্রয়োজনে লিজ বা ইজারার মাধ্যমে হলেও রাস্তাটি উন্মুক্ত রাখা হোক।
এলাকাবাসীর দাবি, আইনি জটিলতা থাকলেও যেন সাধারণ মানুষের বেঁচে থাকার নূন্যতম এই অধিকারটুকু কেড়ে নেওয়া না হয়।
এদিকে বিষয়টি নিয়ে জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করলেও কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮