তৌহিদুল ইসলাম চঞ্চল,
লালমনিরহাট জেলা শহরের বাবুপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এক যুবককে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছেন তার স্ত্রী। আজ বুধবার (১৩ মে) সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। বর্তমানে ভুক্তভোগী যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত যুবকের নাম হৃদয়, তিনি স্থানীয় গাউছিয়া মসজিদের ইমাম মাওলানা এরশাদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে হৃদয় নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে তার গলায় আঘাত করেন। হৃদয়ের আর্তচিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান।
সদর হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর হৃদয়ের অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। চিকিৎসকদের মতে, শ্বাসনালীতে গভীর ক্ষত হওয়ায় তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন।
ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত স্ত্রীকে ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়। লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
লালমনিরহাট সদর থানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এটি নিছক পারিবারিক বিরোধ নাকি এর পেছনে অন্য কোনো গোপন রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮