তৌহিদুল ইসলাম চঞ্চল,
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ ফারুক হোসেন (৩৫)-কে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল ২২ মে (শুক্রবার) রাত ২টা ২০ মিনিটের দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল মহাসড়কের একটি হোটেলের সামনে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ ২৩ মে (শনিবার) অধিনায়ক পক্ষে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মোঃ ফারুক হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শ্রীখাতা ডারারপাড় গ্রামের মোঃ আজিজুল ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ফারুকের বিরুদ্ধে লালমনিরহাট জেলার সেশন মামলা নং- ৯৩/২৩, জিআর- ৩২৭/২২ (কালীগঞ্জ) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল। রায় হওয়ার পর থেকেই সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জের একটি যৌথ আভিযানিক দল ঢাকা থেকে বগুড়াগামী মহাসড়কের নিউ মায়ের আঁচল হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮