তৌহিদ বেলাল, কক্সবাজার।।
কক্সবাজারে এখন লাখো পর্যটক। তাদের পদভারে মুখরিত বিশ্বের দীর্ঘতম সৈকত নগরীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। টানা তিনদিনের ছুটিতে দেশবিদেশের ভ্রমণপিপাসুরা এখানে ছুটে এসেছে। সাপ্তাহিক সরকারি ছুটি শুক্র-শনিবারের সঙ্গে যোগ হয়েছে রোববার, বড়দিনের ছুটি। তিনদিনের টানা ছুটিতে দেশবিদেশের পর্যটকেরা দলে দলে ছুটে এসেছে কক্সবাজারে।
সরেজমিনে কক্সবাজার সমুদ্রসৈকত, ইনানী পাথুরে বিচ, হিমছড়ি, দরিয়া নগর, পাটোয়ারটেক ঘুরে দেখা গেছে, সবগুলো পয়েন্টে পর্যটকদের উপচেপড়া ভিড়। কেউ এসেছে পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে। আবার কেউ কেউ এসেছে দলবেঁধে।
এছাড়া পর্যটকে টইটম্বুর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, মহেশখালি, সোনাদিয়া, ডুলাহাজারা সাফারি পার্ক, রামু ও কক্সবাজার শহরের বার্মিজ মার্কেটগুলো।
হোটেল-মোটেল ও কটেজ ব্যবসায়ীরা জানান, এবারে পর্যটকের আনাগোনা বেশ জমজমাট। এই অবস্থা মাসখানেক অব্যাহত থাকলে আগের ক্ষতি পুষিয়ে নেয়া যাবে।
পর্যটকদের সার্বিক নিরাপত্তায় জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি নিরলস কাজ করছেন লাইফ গার্ডের বিচ কর্মীরা।
একাধিক হোটেল মালিকের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার থেকে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিন সরকারি ছুটিকে উপলক্ষ করে বৃহস্পতিবার বিকেল থেকেই হাজার হাজার পর্যটক কক্সবাজারমুখী হয়েছে।
কক্সবাজার শহরের কলাতলি হোটেল-মোটেল জোনের বেশ ক'টি আবাসিক হোটেল ও কটেজ ঘুরে দেখা যায়, অধিকাংশ হোটেল ও কটেজ পর্যটকের পদচারণায় মুখর। এছাড়া চাহিদামতো কাঙ্ক্ষিত রুম ভাড়ায় নিতে ব্যাগ-লাগেজ নিয়ে এক হোটেল থেকে অন্য হোটেলে ছোটাছুটি করছে অনেক পর্যটক।
খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার জেলা শহরের প্রায় সবগুলো হোটেল-মোটেল ও কটেজ ইতোমধ্যেই বুকড হয়ে গেছে। অনেক পর্যটক পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন বাসাবাড়িতে উঠেছেন। এক্ষেত্রে অনেক বাড়ির মালিক নিজেদের বিভিন্ন কক্ষ সাময়িক ভাড়া দিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
কক্সবাজার শহরতলির কলাতলির বাসিন্দা মুহাম্মদ হেলাল উদ্দিন জানান, তিনি নিজেদের দুটো কক্ষ ভাড়া দিয়েছেন। ঢাকা ও কুমিল্লা থেকে আসা পৃথক দুটি পরিবারকে কক্ষ দুটি চার হাজার টাকায় দুদিনের জন্য ভাড়া দেন তিনি।
পর্যটনের এই ভরা মৌসুমে বিনোদনপ্রেমিদের চাপ বাড়ায় প্রতিটি স্পটে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮