পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
নেত্রকোণার কলমাকান্দায় বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোহাগ মিয়া (২৬) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার হাসপাতাল রোড এলাকায় কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টারে (কেডিসি) এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ডায়াগনস্টিক সেন্টারটিতে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টারটির কার্যক্রম বন্ধ রেখে সিলগালা করে দেওয়া হয়।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সোহাগ মিয়াকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার চানপুর এলাকার জসমত আলীর ছেলে।
অভিযান পরিচালনা করেন কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ বলেন, জনস্বাস্থ্য ও জনস্বার্থের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কোনো প্রতিষ্ঠান নিয়মনীতি না মেনে কার্যক্রম পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত সোহাগ মিয়াকে শুক্রবার বিকেলেই নেত্রকোনা জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮