
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবদল নেতা পরিচয় দিয়ে সরকারি খালে স্থায়ী ইমারত নির্মাণের অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন (৩৮)নামের এক যুবকের বিরুদ্ধে ।
জানা গেছে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের গৌরের বাড়ির বিল্লাল হোসেন নামের এক চা দোকানদার নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ করছে ।রামগঞ্জ হাজীগঞ্জ সড়কের কাটাখালি নামক স্থানে দীর্ঘ একমাস যাবত ওই ভবনের কাজ চলমান থাকলেও তা বন্ধের জন্য নেওয়া হচ্ছে না কোন পদক্ষেপ। এলাকাবাসী জানান বিল্লাল হোসেন ব্রহ্মপাড়া মোড়ের একজন চা দোকানদার হলেও নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে দলের প্রভাব খাটিয়ে প্রায় একমাস যাবত এই ভবনের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে বিল্লাল হোসেন জানান রামগঞ্জ – হাজীগঞ্জ খাল গুলোর বেশিরভাগ সরকারি সম্পত্তি দখল হয়ে গেছে। প্রভাবশালী ব্যক্তিরা এই খাল দখল করে ইমারত নির্মাণ ও দোকান নির্মাণ করে ভোগ দখল করে আসছে এরই ধারাবাহিকতায় পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তিতে আমিও পাকা ভবন নির্মাণ করছি। কাজ শুরুর পর্যায়ে অনেকে এসেছেন। তাদের সঙ্গে কথা হয়েছে। কিন্তু কাজ বন্ধ করতে বলেনি।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, কাটাখালীতে সরকারি সম্পত্তি দখলের সংবাদ পেয়েছি। এ বিষয়ে দ্রুত আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

























