মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে সোমবার (৬ এপ্রিল) ভোর রাতে উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জাফর নগর গ্রামের মোঃ সুজনের মাছের ঘেরে। এতে ঘের মালিক সুজন তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
মাছের ঘের মালিক সুজন জানান, রবিবার রাতে ঘেরের সবকিছু স্বাভাবিক ছিল। সোমবার ভোরে ঘেরে এসে তিনি দেখতে পান, পানির ওপর ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার মাছ মারা যায়।
তিনি আরও বলেন,“এই ঘের থেকেই আমার পরিবারের জীবিকা চলে। এক রাতেই সব শেষ হয়ে গেল।এখন আমার পথে বসার উপক্রম হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘের পরিদর্শন করেন। অনেকেই এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কাশেম বলেন, “বিষ প্রয়োগে মাছ মারা যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ চৌধুরী জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮