দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন। বিএনপিকে এই রায় বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে গাদ্দারি বরদাশত করা হবে না।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বলা হয়েছিল, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে ৩৩টি দল সেই রায় মানতে বাধ্য থাকবে। এখন ‘হ্যাঁ’ বিজয়ী হওয়ায় বিএনপিকেও তা বাস্তবায়ন করতে হবে। এ নিয়ে কোনো টালবাহানা চলবে না।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে বাকি ছয় দফা নিয়ে জনগণকে আর ভোগান্তিতে পড়তে হবে না। দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জনগণ জানে কীভাবে দাবি আদায় করতে হয়।
২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, দেশের মানুষ প্রমাণ করেছে, গুলি-বন্দুক কিংবা কামান দিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না। নব্য ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে প্রয়োজনে রক্ত দেওয়ার ঘোষণাও দেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এনসিপি নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, বাগেরহাটের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, শেখ মনজুরুল হক রাহাত ও অধ্যক্ষ আব্দুল আলিমসহ ১১ দলীয় জোটের নেতারা।
আব্দুল হান্নান মাসুদ বলেন, দেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায়। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ব্যয় বেড়েছে। তিনি বিএনপি সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন, ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে ওঠা সন্ত্রাসের অভিযোগ বন্ধ এবং বিদ্যুৎ-গ্যাসের দাম কমানোর আহ্বান জানান।
লংমার্চ ঘিরে সকাল থেকেই খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট সেতু থেকে রূপসার কুদির বটতলা পর্যন্ত জোটের নেতাকর্মীদের উপস্থিতি ছিল। নওয়াপাড়া ও কাটাখালি মোড়ে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। কাটাখালির পথসভা একপর্যায়ে জনসভায় রূপ নেয়। নারী নেতাকর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। নওয়াপাড়া এলাকায় ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে তাদের উদ্দেশে বক্তব্য দেন শফিকুর রহমান।
জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এ লংমার্চ করছে ১১ দলীয় জোট। পথসভা শেষে খুলনার উদ্দেশে যাত্রা করে গাড়িবহর।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮