স্পোর্টস ডেস্ক,
ক্যারিয়ারের ৯৮৬তম গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ঐতিহাসিক এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন আর মাত্র ১৪ গোল প্রয়োজন পর্তুগিজ এই তারকার। তবে ব্যক্তিগত এই অর্জনের দিনেও হতাশ হতে হয়েছে তাকে। সৌদি প্রো লিগের নবম রাউন্ডের ম্যাচে আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর।
ম্যাচের ১৪তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। প্রতিপক্ষের অর্ধে বল কেড়ে নিয়ে সামু কোস্তা দ্রুত তা বাড়িয়ে দেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকার দিকে। পেনাল্টি এলাকার ভেতর প্রথম স্পর্শেই বল জালে পাঠান রোনালদো।
২০২৬-২৭ মৌসুমে নয় ম্যাচে এটি তার অষ্টম লিগ গোল। বয়স বাড়লেও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।
গোলের কিছুক্ষণ পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল আল নাসর। পেনাল্টিও আদায় করে দলটি। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। তার এই ব্যর্থতার পরই ম্যাচে ঘুরে দাঁড়ায় আল আহলি।
প্রথমার্ধের ৪৫তম মিনিটে ইভান টনির বাড়ানো বলে গোল করে সমতা ফেরান ওয়েন্ডারসন গালেনো। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল আহলিকে এগিয়ে দেন টনি। এরপর ৭৫ মিনিটে রজার ইবানিয়েসের গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
এই হারের ফলে লিগের শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল আল নাসর। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। অন্যদিকে এক ম্যাচ কম খেলেই ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল হিলাল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮