স্পোর্টস ডেস্ক,
আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের ঘোষণার পর তাকে যথাযথ সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত প্রকাশ্যে আনেন পর্তুগাল অধিনায়ক ও আল নাসর তারকা। এরপরই আবেগঘন বিবৃতিতে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেডারেশন।
একসময় আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করা রোনালদোর এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন ফুটবলপ্রেমীরা। এর আগে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন।
বিবৃতিতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানায়, জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া তাদের চিরন্তন অধিনায়ক রোনালদোর প্রতি গভীর ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে সংস্থাটি।
দেশের জার্সিতে রোনালদোর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে প্রকাশ্যে সম্মান জানানোর কথাও জানিয়েছে ফেডারেশন। তার নেতৃত্ব, নিষ্ঠা ও অবদানের প্রশংসা করে সংস্থাটি বলেছে, তিনি শুধু একজন অসাধারণ ফুটবলারই নন, বরং অনুপ্রেরণাদায়ী নেতা, পরিশ্রমের প্রতীক এবং জাতীয় দলের চেতনার প্রকৃত প্রতিনিধি।
পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি দেশকে উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত।
ফেডারেশনের ভাষায়, মাঠে তার প্রতিটি ঘাম ঝরানো মুহূর্ত, গুরুত্বপূর্ণ গোল এবং গর্বের সঙ্গে পরা অধিনায়কের আর্মব্যান্ড জাতীয় দলের জার্সির প্রতি তার নিখাদ ভালোবাসার প্রতিফলন।
রোনালদোর অবদান শুধু মাঠের সাফল্যে সীমাবদ্ধ নয় বলেও উল্লেখ করেছে ফেডারেশন। বিশ্বমঞ্চে পর্তুগালের মর্যাদা বাড়ানোর পাশাপাশি অসংখ্য তরুণকে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখিয়েছেন তিনি। বিবৃতিতে তাকে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেও অভিহিত করা হয়েছে।
আনুষ্ঠানিক বিদায়ের পাশাপাশি রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতিতে বিশেষ সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশন। এ আয়োজনের মাধ্যমে সমর্থকসহ পুরো দেশকে একসঙ্গে প্রিয় অধিনায়ককে সম্মান জানানোর সুযোগ করে দিতে চায় তারা।
বিবৃতির শেষাংশে রোনালদোর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে ফেডারেশন বলে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক। এই জায়গা সব সময়ই আপনার ঘর হয়ে থাকবে। চলুন, এবার ১০০০ গোলের লক্ষ্যের দিকে এগিয়ে যাই।’
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮