তৌহিদুল ইসলাম চঞ্চল,
ভারতীয় সীমান্তঘেঁষা উত্তরের প্রান্তিক জনপদ লালমনিরহাট। অর্থনৈতিকভাবে অনগ্রসর এই জেলাটি দীর্ঘদিন ধরে প্রবাসী আয় বা রেমিটেন্স আহরণে দেশের ৬৪টি জেলার মধ্যে ৬৩তম অবস্থানে পিছিয়ে রয়েছে। তবে জেলার এই পিছিয়ে পড়া আর্থ-সামাজিক চিত্র বদলে দিতে এবং স্থানীয় বেকার তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে আশার আলো দেখাচ্ছে লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। আধুনিক কর্মমুখী কারিগরি শিক্ষা ও বিদেশি ভাষায় দক্ষ করে তুলে প্রান্তিক এই জেলার যুবসমাজের জন্য দেশ-বিদেশের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
২০০৬ সালের ৫ আগস্ট (২৯ শ্রাবণ ১৪১৩ বঙ্গাব্দ) তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঐতিহ্যবাহী এই প্রশিক্ষণ কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন। প্রতিষ্ঠার পর থেকেই দক্ষ মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এখানে ১০টি যুগোপযোগী কারিগরি ট্রেড এবং ২টি আন্তর্জাতিক ভাষা শিক্ষা কোর্সে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কারিগরি ট্রেডগুলোর মধ্যে রয়েছে—কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, কনজুমার ইলেকট্রনিক্স, ক্যাড অপারেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, সুইং মেশিন অপারেশন, মোবাইল ফোন সার্ভিসিং, মেশনারি এবং দেশ-বিদেশ প্রকল্পের আওতায় ড্রাইভিং উইথ অটোমেকানিক্স। পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় রেখে কোরিয়ান এবং ইংরেজি ভাষা শিক্ষা কোর্সও সফলভাবে পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বর্তমানে বিভিন্ন ট্রেড ও কোর্সে বিপুলসংখ্যক প্রশিক্ষণার্থী হাতে-কলমে দক্ষতা অর্জন করছেন। এর মধ্যে নিয়মিত ব্যাচে ২১৫ জন, দেশ-বিদেশ প্রকল্পের অধীনে ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্সে ৪০ জন, কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ৪০ জন এবং ইংরেজি ভাষা শিক্ষা কোর্সে ৪০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। এ ছাড়াও প্রতি মাসে ৪০ জন নারী কর্মী হাউজ কিপিং প্রশিক্ষণ এবং প্রতি সপ্তাহে ১০০ থেকে ১২০ জন বিদেশগামী কর্মী প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) কোর্সে অংশগ্রহণ করে বিদেশ যাত্রার প্রস্তুতি নিচ্ছেন।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও স্থানীয়দের মতে, রেমিটেন্স প্রবাহে লালমনিরহাট এখনো তলানিতে থাকলেও প্রবাসী ও কর্মসংস্থানসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সেবাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় সহজলভ্য করা গেলে খুব দ্রুতই এই চিত্র পাল্টে দেওয়া সম্ভব। এ বিষয়ে লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সৈয়দ মাছুম রাব্বানী বলেন, "লালমনিরহাট সীমান্তবর্তী ও প্রান্তিক জনগোষ্ঠীর জেলা হওয়ায় এখানকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও রেমিটেন্স বৃদ্ধিতে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে প্রতি সপ্তাহে শতাধিক বিদেশগামী কর্মী এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন।"
তিনি আরও জানান, জেলার রেমিটেন্স আহরণের হার দ্রুত বাড়াতে হলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও), প্রবাসী কল্যাণ ব্যাংক এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্সির অফিসসহ প্রবাসীকেন্দ্রিক সকল সেবা একই ভবনে ‘ওয়ান স্টপ সার্ভিস’-এর আওতায় নিয়ে আসা জরুরি। এটি বাস্তবায়িত হলে খুব অল্প সময়ের মধ্যেই রেমিটেন্স আহরণে লালমনিরহাট দেশের প্রথম সারির জেলাগুলোর কাতারে জায়গা করে নিতে পারবে। স্থানীয় সচেতন মহলও মনে করছেন, কারিগরি প্রশিক্ষণের পরিধি সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট সেবাগুলো এক ছাদের নিচে আনা গেলে জেলার গ্রামীণ অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে অভূতপূর্ব গতি সঞ্চার হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮