মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী কাঞ্চন বাজার পরিচালনা কমিটির দীর্ঘ ২০ বছর পর নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে পুরো বাজার এলাকায় পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে। প্রার্থীরা বাজারের ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে গনসংযোগ করে যাচ্ছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। বাজার ব্যবস্থাপনার উন্নতির লক্ষ্যে ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীকেই নির্বাচিত করবেন। শনিবার অনুষ্ঠিত হবে এ বাজার পরিচালনা কমিটির নির্বাচন।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় কাঞ্চন বাজারটি অবস্থিত। শত বছরের এ বাজারে কাঞ্চন, ভোলাবো, রুপগঞ্জ, দাউদপুর, ভুলতা, মুড়াপাড়াসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ সদাই করতে আসেন। শত বছরের কাঞ্চন বাজারের প্রায় ২০ বছর ধরে বাজার পরিচালনা কমিটির নির্বাচন হয়নি।
এবার বাজার পরিচালনা কমিটির নির্বাচন হওয়ার লক্ষ্যে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দোকানে দোকানে ব্যস্ত ব্যবসায়ী, দেয়ালে প্রার্থীদের পোস্টার, ভোটারদের সঙ্গে প্রার্থীদের কুশল বিনিময়, প্রচারণা, বাজারে জনসমাগম। একসময় নিয়মিত নির্বাচন হলেও নানা কারণে দীর্ঘ ২০ বছর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন হয়নি কাঞ্চন বাজারে। এতে ব্যবসায়ীদের মধ্যে ছিল নানা ধরনের অসন্তোষ। এবার নির্বাচন ঘোষণার পর সেই অপেক্ষার অবসান হয়েছে।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার সংখ্যা ৮২০ জন।
ব্যবসায়ীরা বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত কমিটি বাজারের উন্নয়ন, নিরাপত্তা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে।
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন তারা। নির্বাচনকে কেন্দ্র করে বাজারে উৎসবের আমেজ বিরাজ করছে।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘ ২০ বছর পর ভোট দিতে পারছি। আমরা চাই যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচিত হোক, যারা বাজারের উন্নয়নে কাজ করবে। নির্বাচন হওয়ায় আমরা আনন্দিত। আশা করি নতুন কমিটি বাজারের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবে।
প্রার্থীরা জানান: “আমরা নির্বাচিত হতে পারলে বাজারের মাছের অংশটি ওপরতলা থেকে নিচতলায় স্থানান্তরের উদ্যোগ নেব, যাতে ক্রেতা-বিক্রেতাদের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে কষ্ট না হয়। এছাড়া বৃষ্টি হলেই বাজারে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, তা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সব সময় কাজ করব।
কাঞ্চন পৌর প্রশাসক (নির্বাহী ভুমি ম্যাজিস্ট্রেট) মারজানুর রহমান জানান,
আমরা জানি আগামী ২৫ তারিখ রোজ শনিবার বাজার কমিটি সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে কাঞ্চন বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন না ঘটে তার জন্য কাঞ্চন পৌর সভার পক্ষ থেকে আই নানক ব্যবস্থা গ্রহণ করব।পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করব। যারা নির্বাচিত হয়ে আসবেন বাজার পরিচালনার ক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতা লাগলে আমরা করব।
২০ বছরের অপেক্ষার পর ভোটাধিকার ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত কাঞ্চন বাজারের ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, নির্বাচিত নেতৃত্ব বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮