মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে পুলিশের এক কনস্টেবলকে হাত-পা ভেঙে এবং পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, পুলিশ কনস্টেবল আবুল কালামের বাড়ি মাসাবো এলাকায়। তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশের সদস্য হিসেবে চাকরি করে আসছেন। দীর্ঘদিন ধরে নিজ গ্রাম মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি ছুটিতে বাড়িতে আসলেই তিনি মাদকসহ অপরাধের প্রতিবাদ করতেন। সম্প্রতি তিনি শাহাদাত ও এমদাদুল নামে স্থানীয় দুই মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দেন। এর পর থেকেই শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।
অভিযোগ রয়েছে, ঘটনার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ি থেকে ডেকে নেন। পরে তাঁকে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা শাহজালালসহ ১০-১৫ জনের একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দেয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পায়ের রগ কেটে দেওয়া হয়।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮