মোঃ রাকিবুল ইসলাম, পূর্বাচল প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ওই চক্র জমি দখলের উদ্দেশ্যে প্রবাসীর জমির ফলজ গাছ কেটে ও বসতঘর ভেঙে ফেলে। এতে কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। প্রতিবাদ করায় প্রবাসীর স্বজনদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
প্রবাসী জসীম ও তার পরিবারের সদস্যরা জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের মধুখালী এলাকার পিতলগঞ্জ মৌজায় তাদের পৈত্রিক ১৬ শতাংশ জমি রয়েছে। তারা দীর্ঘদিন ধরে জমিটি বাউন্ডারি ওয়াল নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু স্থানীয় রাকিবুল হাসান মিঠুসহ তার সহযোগীরা জমির মালিকানা দাবি করে ওই জমিতে জোরপূর্বক প্রবেশ করে। তারা জমির ফলজ গাছ কেটে ফেলে এবং বসতঘর ভেঙে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করে।
পরিবারের সদস্য মোশারফ হোসেন জানান, সোমবার সকালে তিনি জমিতে গেলে মিঠুর লোকজন তাকে প্রাণনাশের হুমকি দেয়। এতে তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮