মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ এবং খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে রূপসী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে তারাবো পৌরসভা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশনব্যবস্থার উন্নতির পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় গন্ধবপুর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে রূপসী সুইচগেট পর্যন্ত খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারাবো পৌরসভার প্রশাসক এস এম আবদুল্লাহ বিন শফিক।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম টিটু, প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন, প্রকৌশলী আতাউর রহমান এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মো. ফিরোজুল ইসলামসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে তারাবো পৌরসভার প্রশাসক এস এম আবদুল্লাহ বিন শফিক বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এজেন্ডার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন ও সংস্কার। তারাবো পৌরসভার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় রূপসী খাল সংস্কারের দাবি সবচেয়ে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। নাগরিকদের সেই প্রত্যাশা ও দাবির পরিপ্রেক্ষিতেই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।"
তিনি আরও বলেন, খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানিপ্রবাহে বাধা সৃষ্টিকারী অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হবে।
একই সঙ্গে খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুনঃখনন কার্যক্রম পরিচালনা করা হবে। দ্রুততম সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রূপসী খাল সংস্কার ও পরিষ্কারের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা।
খালটি ময়লা-আবর্জনা ও বিভিন্ন প্রতিবন্ধকতায় ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে সমস্যা তৈরি হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা ও দুর্ভোগ বাড়ে। পৌরসভার এ উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে তাঁরা আশা করছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮