মাকসুদুল হোসেন তুষার,
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আদলারটেক মজনু মার্কেট এলাকায় নির্বাচনী প্রচার ও গণসংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ভোলাবে ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আলমগীর হোসেন টিটুর সভাপতিত্বে এই উদ্বোধনী সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেন স্বপন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ভোলাবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ মিয়া, ভোলাবে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম সবুজ, কালিগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি জামান শিকদার, ভোলাবে ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস ছামাদ এবং ভোলাবে ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজল মিয়া।
জনসমুদ্রে রূপ নেয় উদ্বোধনী সভা
উদ্বোধনী সভাটি একপর্যায়ে বিশাল জনসমুদ্রে রূপ নেয়। ২ নম্বর ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও সর্বস্তরের এলাকাবাসী ঢাকঢোল ও বাঁশি বাজিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় স্থানীয় মুরুব্বিরা বক্তব্যে বলেন, "বিগত স্বৈরাচার আমলে বহু হামলা-মামলার শিকার হয়েও আল্লাহর রহমতে আমরা আলমগীর হোসেন টিটুকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম। বিএনপি আজ ক্ষমতা জনগণের ভালোবাসায় তিনি তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। আমরা হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাই আনন্দের সাথে ভোটকেন্দ্রে গিয়ে আলমগীর হোসেন টিটুকে ভোট দিয়ে বিজয়ী করে আনব।"
প্রধান অতিথি মোফাজ্জল হোসেন স্বপন বলেন, "ভোলাবে ইউনিয়নের মাটি ও মানুষের আস্থার প্রতীক আলহাজ্ব আলমগীর হোসেন টিটু। তিনি সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। আগামীতেও ভোলাবেবাসীর অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে টিটু ভাইয়ের মতো জনবান্ধব নেতৃত্বকে বিজয়ী করতে হবে। আপনারা সবাই এলাকার উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।"
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আলমগীর হোসেন টিটু বলেন, "আমার জীবনের প্রতিটি মুহূর্ত ভোলাবে ইউনিয়নবাসীর সেবা করার জন্য উৎসর্গ করেছি। আপনারা অতীতে যেভাবে আমাকে ভালোবেসে সেবা করার সুযোগ দিয়েছেন, ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের পাশে থেকে ভোলাবে ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। আজকের এই উদ্বোধনী সভা থেকে আমাদের যে পথচলা শুরু হলো, তা আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় বিজয়ের মাধ্যমে শেষ হবে।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮